কলকাতা ও দক্ষিণবঙ্গে কয়েকদিনের ঝড়-বৃষ্টির পর মিলেছিল সাময়িক স্বস্তি। তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। আবহাওয়া পরিষ্কার হতেই ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সোমবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি।
গত সপ্তাহে কালবৈশাখীর দাপটে ঘণ্টায় প্রায় ৮৮ কিলোমিটার বেগে ঝড় এবং উল্লেখযোগ্য বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা নেমে গিয়েছিল ২৩ ডিগ্রির আশপাশে। কিন্তু মাত্র তিন দিনের মধ্যেই ফের পুরনো ছন্দে ফিরেছে গরম। শহরে এখন আবারও ভ্যাপসা আবহাওয়া অনুভূত হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। দিনভর আকাশ আংশিক মেঘলা থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি গরম কমানোর জন্য যথেষ্ট হবে না বলেই মনে করা হচ্ছে।
এদিকে আর্দ্রতার পরিমাণও বেশ বেশি থাকবে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে, ফলে অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে।
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার এক বা দু’টি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে আপাতত বড় ধরনের ঝড়ের কোনও সতর্কতা নেই। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, কিন্তু তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা কম। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের মানুষকে আবারও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে লড়াই করতে হতে পারে।






