বিনোদন

শাহরুখের ঘুম ভাঙার অপেক্ষায় হিনা, তারপর যা ঘটল বিমানে

শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি এখনও বেশ উজ্জ্বল অভিনেত্রী হিনা খানের। তবে সেই সাক্ষাৎ ছিল না কোনও অনুষ্ঠানের লাল গালিচায়, বরং একটি বিমানের ভিতরে। আর কিং খানের সঙ্গে একটি ছবি তুলতে গিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষাও করতে হয়েছিল তাঁকে।

সম্প্রতি রকি জায়সবাল, রুবিনা দিলায়েক ও অভিনব শুক্লের পডকাস্ট ‘পিওভি’-তে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন হিনা। তখন তাঁর অভিনয়জীবনের বয়স মাত্র দেড় বছর। ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’-এর শুটিং শুরুর কিছুদিন পর একটি বিমানে শাহরুখকে দেখতে পান তিনি।

হিনা জানান, প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। পাশের আসনে শাহরুখকে দেখে ভালো করে তাকিয়ে বুঝতে পারেন, অভিনেতা গভীর ঘুমে আছেন। স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে একটি ছবি তোলার ইচ্ছে হয় হিনার। তাই ঘুম ভাঙার অপেক্ষায় থাকেন তিনি।

একসময় শাহরুখ ঘুম থেকে উঠে কফি খেতে যান। সুযোগ বুঝে হিনা তাঁর কাছে ছবি তোলার অনুমতি চান। শাহরুখ তাঁকে অপেক্ষা করতে বলেন এবং ছবি তুলবেন বলে আশ্বাস দেন। কিন্তু কফি খাওয়ার পর ফের ঘুমিয়ে পড়েন অভিনেতা।

বিমান অবতরণের সময় হিনা প্রায় ধরেই নিয়েছিলেন, আর ছবি তোলার সুযোগ হবে না। কিন্তু ঠিক তখনই ঘটে অন্য ঘটনা। ঘুম থেকে উঠে শাহরুখ নিজেই হিনাকে ডাকেন এবং কথা রাখেন। এরপরই তাঁদের ছবি তোলা হয়।

হিনা জানান, সেই সময় একটি ছবির প্রচারে ব্যস্ত ছিলেন শাহরুখ। টানা কাজের কারণে পর্যাপ্ত ঘুমও হচ্ছিল না তাঁর। তাই যাতায়াতের সময়টুকুই বিশ্রামের জন্য কাজে লাগাচ্ছিলেন অভিনেতা। এমন ক্লান্তির মধ্যেও একজন ভক্তের আবদার মনে রেখে তা পূরণ করায় শাহরুখের প্রতি আরও শ্রদ্ধা বেড়ে যায় হিনার।

এদিকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ। এই ছবির মাধ্যমে মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে তাঁকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.