বিনোদন

বিক্রান্ত ম্যাসির বলিউডে নতুন ইনিংস, ‘ডন ৩’-তে রণবীরের বিপরীতে ভয়ংকর ভিলেন!

বক্স অফিসে একের পর এক প্রশংসিত পারফরম্যান্সের পর এবার একেবারে মূলধারার হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন বিক্রান্ত ম্যাসি। বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ডন ৩’-তে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে, তাও একেবারে নেগেটিভ চরিত্রে। সূত্রের খবর, ছবির প্রথম শিডিউলের শুটিং শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর থেকে, এবং তাতেই থাকছেন বিক্রান্ত। অন্যদিকে কিয়ারা আদবানি মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় তাঁর জায়গায় এখন নেওয়া হচ্ছে কৃতি স্যাননকে। শক্তিশালী স্ক্রিন প্রেজেন্সের জন্যই কৃতি এই সুযোগ পেয়েছেন বলে খবর।

পরিচালক ফারহান আখতার বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ‘১২০ বাহাদুর’-এর শেষ পর্যায়ের কাজে। অন্যদিকে রণবীর সিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবির বড় একটি অংশের শুটিং। সবদিক মিলে এখন শুটিং শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত টিম ‘ডন ৩’। শোনা যাচ্ছে, রণবীরের ডনের সবচেয়ে ভয়ংকর প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে বিক্রান্তকে। চরিত্রটি হবে ‘নেগেটিভ শেড’-এর, অর্থাৎ গল্পে থাকছে দারুণ উত্তেজনা এবং চমক।

এই বড়ো প্রজেক্টে কাজ করার কারণে বিক্রান্ত আপাতত পিছিয়ে দিচ্ছেন ‘দোস্তানা ২’-এর কাজ। বহুদিন বন্ধ থাকা এই সিনেমাটি আবার শুরু হওয়ার কথা থাকলেও, বিক্রান্তের ব্যস্ত শিডিউলের কারণে তা কিছুটা থমকে গেছে। নতুন করে সাজানো কাস্টে থাকছেন ‘কিল’ ছবিখ্যাত লক্ষ্য, কার্তিক আরিয়ানের জায়গায় থাকছেন বিক্রান্ত ম্যাসি, আর জাহ্নবী কাপুরের জায়গায় নেওয়া হতে পারে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে।

প্রসঙ্গত, ‘ডন ৩’ প্রথম ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালে, যেখানে রণবীর সিংয়ের নতুন লুক ঘিরে উত্তাল হয়েছিল সামাজিক মাধ্যম। এবার একদিকে রণবীর, অন্যদিকে বিক্রান্ত, তাদের টক্করে প্রথম শিডিউলেই ধুন্ধুমার অ্যাকশন নিশ্চিত। সব মিলিয়ে, ‘ডন ৩’ হতে চলেছে বিক্রান্ত ম্যাসির কেরিয়ারের এক নতুন দিগন্তের সূচনা। এখন শুধু অপেক্ষা সেপ্টেম্বরের, যখন ক্যামেরার সামনে মুখোমুখি হবেন রণবীর আর বিক্রান্ত, বলিউডে উত্তেজনার পারদ চড়াতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.