বেঙ্গালুরু, ১৬ মে, ২০২৪: আইপিএলের লিগ পর্যায়ের ম্যাচ প্রায় শেষের পথে। প্লেঅফের লড়াইয়ে টিকে থাকার জন্য প্রতিটি দলই লড়াই করে যাচ্ছে। রাজস্থান রয়্যালসকে পরাজিত করে শেষ চারে ওঠার প্রবল দাবিদার সিএসকে (Chennai Super Kings)। অন্যদিকে খাদের কিনারা থেকে ফিরে এসেছে আরসিবি (Royal Challengers Bengaluru)। ১৮ মে মুখোমুখি হবে এই দুই দল। কিন্তু সেই ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বেঙ্গালুরুর আবহাওয়া।
ধোনি না কোহলি? কে যাবে প্লেঅফে?
কিছুদিন আগে পর্যন্ত প্লেঅফে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল ধোনির দলের। এখনও তাদেরই সুযোগ বেশি। তবে লিগ পর্যায়ের শেষ দিকে এসে অনেক দলকেই লড়াইয়ের মুখে ফেলে দিয়েছে বিরাট কোহলির দল। টানা পাঁচ ম্যাচ জিতে শেষ চারের প্রবল দাবিদার হয়ে উঠেছে আরসিবি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। নেট রানরেটও যথেষ্ট ভালো। অন্যদিকে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রুতুরাজের চেন্নাই।
আবহাওয়ার অশনিসংকেত
ফলে আগামী শনিবারের ম্যাচকে চলতি আইপিলের সবচেয়ে ‘হাইভোল্টেজ’ ম্যাচ বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আদৌ কি মাঠে নামতে পারবেন ধোনি-বিরাটরা? কারণ আবহাওয়ার অশনিসংকেত ভেস্তে যেতে পারে এই ম্যাচ। ওই দিন ৭৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে একটি আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট। সন্ধে ছটার সময় তার সম্ভাবনা বাড়তে পারে ৮০ শতাংশ পর্যন্ত।
বৃষ্টি হলে আরসিবির প্লেঅফ স্বপ্ন ভেঙে যেতে পারে। যদিও আইপিএলের নিয়ম অনুযায়ী সবচেয়ে কম পাঁচ ওভারের ম্যাচে ফয়সালা হতে পারে। চলতি আইপিএলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট ও নাইট রাইডার্সের ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছিল। আবার ইডেনে মুম্বই-কলকাতা ম্যাচটি ১৬ ওভারে হয়েছিল। শনিবার কী হবে? উত্তর দেবে সময়ই।
আপনার মতে, আবহাওয়া আরসিবির প্লেঅফের সুযোগ নষ্ট করে দেবে? নীচে মন্তব্য করে জানান।







