বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পাঁচ বছর পূর্ণ হলো ১৪ জুন ২০২৫-এ। ২০২০ সালের এই দিনেই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। পেরিয়ে গেছে পাঁচটি বছর, তবু অভিনেতার মৃত্যুর রহস্য আজও ধোঁয়াশায় ঢাকা। এই বিশেষ দিনটিতে ভাইকে স্মরণ করে একটি আবেগঘন ভিডিও ও বার্তা শেয়ার করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। শ্বেতা এদিন নেতিবাচকতা নয়, বরং ভালোবাসা ও ইতিবাচক মনোভাব ছড়ানোর আবেদন জানিয়েছেন সুশান্তের অনুরাগীদের কাছে।
তিনি সামাজিক মাধ্যমে নিজের পোস্টে লেখেন,”আজ ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী, ১৪ জুন ২০২০ সালে তাঁর মৃত্যুর পর অনেক কিছু ঘটে গেছে। এখন সিবিআই আদালতে একটি প্রতিবেদন জমা দিয়েছে এবং আমরা এটি প্রত্যাহারের প্রক্রিয়া চালাচ্ছি। কিন্তু আজ আমি যা বলতে চাই তা হলো, যাই ঘটুক না কেন, হাল ছেড়ে দেবেন না এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না। সবসময় মনে রাখবেন আমাদের সুশান্ত কীসের জন্য দাঁড়িয়েছিল। পবিত্রতা, জীবন এবং শিক্ষার জন্য উৎসাহ, ভালোবাসায় পূর্ণ একটি হৃদয় যা সবাইকে সমান মনে করত। তার হাসি এবং তার চোখে সেই সরলতা ছিল যা যে কারও হৃদয়ে ভালবাসা জাগিয়ে তুলতে পারে। এমনই ছিলেন আমাদের সুশান্ত।”
সুশান্তের সরলতা, তাঁর হাসিমাখা মুখ, এবং মানুষের প্রতি সমান অনুভব আজও অনুপ্রেরণা জোগায় বহু মানুষকে, এই বার্তাই তুলে ধরেছেন শ্বেতা। তিনি আরও বলেন,”ভাই আমাদের ছেড়ে কোথাও যায়নি, তিনি আমাদের সবার মধ্যে রয়েছেন, আমাদের চিন্তায়, অনুভবে, ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধে।” ভাইয়ের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে শ্বেতা একাধিক পুরনো ছবিও শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, যা নস্টালজিয়া জাগিয়েছে সুশান্ত অনুরাগীদের হৃদয়ে। সুশান্তের মৃত্যু এখনও বহু প্রশ্নের জন্ম দেয়, কিন্তু তাঁর স্মৃতি আজও জীবন্ত, ভক্তদের ভালোবাসা ও পরিবারে সদস্যদের লড়াইয়ে।







