খেলাধুলা

প্রথমবারের মতন চ্যাম্পিয়ন্স লিগ জয় প্যারিসের, উল্লাসের পরিবর্তে কেবল রক্ত আর শোক

প্যারিস সঁ জর্মাঁ প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতায় গোটা শহর আনন্দে মেতে উঠেছিল। ইতিহাসের সাক্ষী হয়ে শহরের রাস্তায় নেমেছিলেন হাজার হাজার সমর্থক। কিন্তু সেই আনন্দ মুহূর্তের মধ্যে বদলে গেল তাণ্ডবে। খুশির উৎসব পরিণত হল মৃত্যু, আগুন আর আতঙ্কে। রাত্রির শহরে ছড়িয়ে পড়ল ভয় আর বিশৃঙ্খলার ছায়া।

উৎসবের মধ্যেই বুকে ছুরি মেরে হত্যা করা হয় সতেরো বছরের এক কিশোরকে। তেইশ বছরের এক স্কুটার আরোহী প্রাণ হারান একটি গাড়ির ধাক্কায়। সমর্থকদের ফাটানো বাজি থেকে ছড়িয়ে পড়ে আগুন, জ্বলতে থাকে একের পর এক গাড়ি। শহরের নানা প্রান্তে দোকানপাটে চলে লুটপাট।

সরকারি হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত আহত হয়েছেন একশো বিরানব্বই জন। তাঁদের মধ্যে বাইশ জন পুলিশ ও সাত জন দমকলকর্মী। কোমায় আছেন এক পুলিশ কর্মীও। গোটা ঘটনায় গ্রেপ্তার হয়েছেন পাঁচশো ঊনষাট জন, যাঁদের মধ্যে অধিকাংশই প্যারিস শহরের বাসিন্দা। একে একে জ্বলেছে দু’শোরও বেশি গাড়ি।

একটি ফুটবল ক্লাবের ঐতিহাসিক জয়ের পর শহরে যেভাবে রক্ত ঝরল, তা এক ভয়ঙ্কর সামাজিক প্রশ্নের জন্ম দেয়। এই উন্মত্ততা কি শুধুই আবেগ, নাকি ভিতরে জমে থাকা ক্ষোভ আর হতাশার বিস্ফোরণ? প্যারিসে আনন্দের উৎসবই কি আজ মুখোশহীন এক নির্মম বাস্তবতার ছবি তুলে ধরল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.