ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাডিলেডে শুরু হতে চলা পিঙ্ক-বল বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিত করেছেন, ওপেন করবেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। অন্যদিকে, মিডল অর্ডারে ব্যাট করবেন রোহিত।
পার্থে প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে রাহুল ও যশস্বী ওপেন করেছিলেন। দ্বিতীয় ইনিংসে দুজনের ২০১ রানের পার্টনারশিপ ভারতের জয়ে বড় ভূমিকা পালন করে। যেখানে রাহুল করেছিলেন ৭৭ রান, আর যশস্বী দুরন্ত ১৬১ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। যদিও রাহুলের ২৬ ও ৭৭ রান দুই ইনিংস মিলিয়ে প্রভাব ফেলেছিল, যশস্বী প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসের দুর্ধর্ষ ব্যাটিং দিয়ে সবাইকে মুগ্ধ করেন।
রোহিত নিজে শেষ ১০ টেস্ট ইনিংসে মাত্র ১৩৩ রান করেছেন, সর্বোচ্চ ৫২। এমন অবস্থায় তাকে ওপেনিং থেকে সরিয়ে মিডল অর্ডারে আনা দলের কৌশলগত সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রোহিত সম্ভবত ৫ নম্বরে ব্যাট করবেন, যেখানে বিরাট কোহলি থাকবেন ৪ নম্বরে। চোট কাটিয়ে দলে ফেরা শুভমান গিল ৩ নম্বরে ব্যাট করতে পারেন।
ভারতের সম্ভাব্য ব্যাটিং লাইনআপ: যশস্বী, রাহুল, গিল, কোহলি, রোহিত, পন্থ। রোহিতের এই ব্যাটিং অর্ডার পরিবর্তন কি দলে স্থায়ী সমাধান দেবে, তা দেখার অপেক্ষা।







