ভোট দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন বিজেপি প্রার্থী তাপস রায়। আজ সকালে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় ভোট দিতে গিয়েই কাশীপুরে বিক্ষোভের মুখে পড়েন।এরপর বেলেঘাটাতেও তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা।পাশাপাশি বঙ্গবাসী কলেজেও বিক্ষোভের মুখে পড়েন এই বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধেই সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
সূত্রের খবর,উত্তর কলকাতার কেন্দ্রের কাশীপুরের ৫৭ নম্বর বুথে বিজেপির ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এমনটাই এদিন সকালে অভিযোগ আসে তাপস রায়ের কাছে। যে অভিযোগ পেয়েই ছুটে যান প্রার্থী।
সেখানে যেতেই তাঁকে ঘিরে ধরেন ও বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মীরা।অভিযোগ, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপরই ঘটনাস্থলে তুমুল বচসা বাধে।
তাপস রায়ের দাবি, বুথের বাইরে ছিলেন না কোনো নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী। এরপরই তিনি ফোন করেন থানায়। এবং ঘনাস্থলে আসতে বলেন পুলিশ অফিসারদের।
এরপরে বেলেঘাটাতেও বিক্ষোভের মুখে পড়েন তাপস রায়। তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা তাঁর গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান দেন।
শিয়ালদহ বঙ্গবাসী কলেজের সামনেও তাপস রায়কে ঘিরে বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তাপস রায় বঙ্গবাসী কলেজে যেতেই তৃণমূল সমর্থকরা তাঁকে ঘিরে ধরে। পাশপাশি জয় বাংলা স্লোগানও দেওয়া হয়।
চব্বিশের লোকসভায় কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের তরফে প্রার্থী রয়েছেন প্রদীপ ভট্টাচার্য।







