মেলবোর্নে নামার আগে ভারতীয় শিবিরের স্বস্তির কারণ ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও শুভমান গিলের ফর্ম। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই স্বস্তি উধাও। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ছে টিম ইন্ডিয়া। একমাত্র ব্যতিক্রম অভিষেক শর্মা। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করেই ভারত শেষ পর্যন্ত ১২৫ রান তুলতে সক্ষম হয়েছে।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। অস্ট্রেলিয়া জশ ফিলিপের পরিবর্তে ম্যাট শর্টকে নিয়ে একাদশে বদল করলেও, ভারতীয় দল অপরিবর্তিত ছিল। কিন্তু ব্যাট করতে নেমে আসে বিপর্যয়। ২.৪ ওভারে জস হ্যাজেলউডের বলে শুভমান গিল (৫) সাজঘরে ফেরেন। গত ম্যাচে তিন নম্বরে নেমে রানে ফিরেছিলেন সূর্যকুমার। কিন্তু এদিন আচমকাই তিনি সঞ্জু স্যামসনকে তিনে তুলে আনেন। সূর্যের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বড় বিতর্ক কারণ তিনে নেমে সঞ্জু (২) ডাহা ফেল করেছেন।
অধিনায়ক নিজে চারে নেমে সংগ্রহ করছেন মাত্র ১ রান। দ্রুত ফিরে গেছেন তিলক বর্মা (০) এবং অক্ষর প্যাটেলও (৭)। একটা সময় ভারতের রান দাঁড়িয়েছিল ৫ উইকেটে মাত্র ৪৯। মেলবোর্নের ২২ গজে তখন আগুনে ফর্মে হ্যাজেলউডরা। এই পরিস্থিতিতে ভারত আরও একটি পরিবর্তন এনেছিল। শিবম দুবের জায়গায় সাত নম্বরে নামানো হয়েছিল হর্ষিত রানাকে। তিনি যথেষ্ট দায়িত্ব নিয়ে ব্যাট করে অভিষেক শর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ ৫৬ রানের জুটি গড়েছেন। ব্যক্তিগত ৩৫ রানের মাথায় তিনি যখন ফিরছেন, তখন ভারতের রান ১০৫। কিন্তু এরপর আর কেউই ‘শর্মাজি কা বেটা’-কে যোগ্য সঙ্গত দিতে পারেননি। দুবে (৪) ও কুলদীপ যাদব (০) দ্রুত ফিরে যান। যেখানে গোটা ভারতীয় ব্যাটিং লাইন আপ সম্পূর্ণ ব্যর্থ, সেখানে অভিষেক শর্মা একা রুখে দাঁড়িয়েছেন। তিনি ১৮৩.৭৮ স্ট্রাইক রেটে মাত্র ৩৭ বলে ৬৮ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দিচ্ছেন (৮টি চার, ২টি ছক্কা)। ৮ বল বাকি থাকতেই মাত্র ১২৫ রানে শেষ হয়ে গেছে টিম ইন্ডিয়ার ইনিংস।







