কাঙ্গনা রানাওয়াত এর ‘থাপ্পর’ এর রেশ কাটতে না কাটতেই ফের আরও এক অভিনেতা থাপ্পর বিতর্কে জড়ালেন। গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি থেকে সপাটে চড় !
বিতর্কে জড়ালেন টলিউডের অভিনেতা সোহম চক্রবর্তী ঘটনার সূত্রপাত হয় শুক্রবার । নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রাজনীতিক অভিনেতা সোহম । অভিযোগ, রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।সূত্রের খবর, সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন মাত্র !
রেস্তোরাঁর মালিকের দাবি, সোহম নিজেই মেরেছেন। কোনওরকম কমার্শিয়াল ডিল ছাড়াই তাঁর রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি। কিন্তু শুটিং চলাকালীন, তাঁদের শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয়। তাই নিয়ে বাঁধে হোটেলের কর্মচারী ও শুটিং ইউনিটের মধ্যে তরজা। এরপরই ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন, ‘জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু !’ তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন, তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হোন বা নরেন্দ্র মোদির বন্ধু, আপনারা ঝামেলা বাড়াবেন না, আমার গেস্ট আসবেন। সেই সময়ই সোহম এসে পুরো ঘটনা না জেনেই কিল-চড়-ঘুষি চালিয়ে দেন। রেস্তোরাঁর মালিকের দাবি, তাঁর ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই ত্রস্ত তাঁরা।







