সম্প্রতি কিছুদিন আগেই শেষ হয়েছে সপ্তম দফার ভোট। আর এই ভোটের রেজাল্ট বেরিয়েছে চলতি মাসের ৪ তারিখ। আর এবার বঙ্গে তৃণমূল কংগ্রেস দলের ফলাফল ছিল চোখ ধাঁধানোর মতো। তারা ৪২ টি আসনের মধ্যে ২৯ টি আসনে জয়লাভ করেছেন।
আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক থেকে একটি সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন। আর এই সংসদের তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে আগের জায়গাতেই থাকছেন বর্ষিয়ান নেতা তথা উত্তর কলকাতার ১০ বারের বিজয়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন। সুদীপ লোকসভার দলনেতা এবং ডেরেক রাজ্যসভার দলনেতাই থাকছেন।
অপরদিকে বারাসাতের পুনর্নির্বাচিত সাংসদ কাকলি ঘোষ দস্তিদার থাকছেন লোকসভার উপ দলনেতা অর্থাৎ ডেপুটি লিডার। সাগরিকা ঘোষ সামলাবেন রাজ্যসভার ডেপুটি লিডারের দায়িত্ব। এছাড়া দলনেত্রী সংসদের দুই কক্ষে মুখ্য সচেতকদের নামও ঘোষণা করেছেন। চলুন তবে একনজরে দেখে নেওয়া যাক সংসদে তৃণমূলের প্রতিনিধিত্ব।
সংসদে তৃণমূলের প্রতিনিধিত্ব :
সংসদীয় কমিটির চেয়ারপার্সন – মমতা বন্দ্যোপাধ্যায়
লোকসভার দলনেতা – সুদীপ বন্দ্যোপাধ্যায়
উপ দলনেতা – কাকলি ঘোষ দস্তিদার
চিফ হুইপ – কল্যাণ বন্দ্যোপাধ্যায়
রাজ্যসভার দলনেতা – ডেরেক ও ব্রায়েন
উপ দলনেতা – সাগরিকা ঘোষ
চিফ হুইপ – নাদিমুল হক
কালীঘাটে আজ অর্থাৎ শনিবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর তাঁদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনও করেন। এই সংসদীয় কমিটি গঠন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ এটি নবীন-প্রবীণ নিয়ে গঠিত করা হয়েছে। প্রায় সকলকেই কোনো না কোনো দায়িত্ব দিয়েছেন তিনি, কাউকেই নিরাশ করেননি। সুদীপ, কল্যাণ, ডেরেক – এরা আগেও সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এবার নতুন করে সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদারকে দায়িত্ব দেওয়া হল। এসব নাম, তাদের পদ ও তাদের দায়িত্ব ঘোষণার পাশাপাশি তিনি সংসদের রণকৌশলও ঠিক করে দেন। তিনি জানান, ”আমরা বসে থাকার জন্য সংসদে যাচ্ছি না। আমরা CAA, NRC বাতিলের দাবিতে সোচ্চার হব। নিজেদের বকেয়া মেটানোর দাবি তুলব। তা মেটাতেই হবে।”
নেত্রীর কথায়, ”বাংলার যা যা পাওনা আছে সেগুলো আমরা চাই আগে দিয়ে দেওয়া হোক। আমাদের এবার শক্তি অনেক বেশি। এক, ডেরেক, দোলা, নাদিম, সাগরিকা যাবে হরিয়ানায় কিশানদের সঙ্গে দেখা করবে। তাঁদের ডেইলি ওয়েজ নিয়ে দাবি তুলবে। দুই, শেয়ার এত বেড়ে গেল কী করে? নিশ্চয়ই কিছু ডাল মে কালা। ভোটের দিন, ফলের দিন যা যা হয়েছে, এটা বড় স্ক্যাম। তদন্ত করতে হবে। আমরা দাবি তুলছি।”







