বাংলায় বিজেপির দখলে এসেছে মাত্র ১২টি আসন। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি।গোটা দেশে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিক ধরে এখন এনডিএ সরকার গড়ে উঠেছে। রবিবার রাতেই হয় শপথগ্রহণ। এবার অভিযোগ, গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরবর্তীতে বিজেপি নেতা-কর্মীদের ওপর আক্রমণ ধেয়ে আসছে৷ আক্রান্ত হচ্ছেন নেতা-কর্মীরা। উক্ত অভিযোগ তুলে এবার নিরাপত্তার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপির দাবি, নির্বাচন শেষের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খালি অশান্তির খবর মিলছে৷ জখম হন বহু বিজেপি কর্মী-সমর্থক। বিজেপির বেশ কয়েকজন ঘরছাড়া বলেও অভিযোগ উঠেছে।
আদালতের নির্দেশ, ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটলে সরাসরি রাজ্যের ডিজিকে ই-মেল মারফত অভিযোগ জানাতে পারবেন আক্রান্ত ব্যক্তি। আদালতগ্রাহ্য অপরাধ হলে তখনই ডিজি স্থানীয় থানাকে উপযুক্ত ধারায় এফআইআর দায়ের করার নির্দেশদান করবেন। এফআইআর দায়ের করার পর উপযুক্ত পদক্ষেপ নেবে পুলিস।







