নেত্রকোণার দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন সবুজা খাতুন নামে এক তরুণী। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর প্রেমিক বিয়েতে অস্বীকার করায় পৃথিবী ছাড়লেন প্রেমিকা।
পুলিশ মৃত দেহটি শুক্রবার অর্থাৎ ২৯ মার্চ দুপুর নাগাদ পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার সুসং আশ্রয় প্রকল্পের একটি ঘর থেকে উদ্ধার করেন। মৃত তরুণী সবুজা খাতুন আশ্রয় প্রকল্পের ৩ নম্বর ঘরের মঞ্জু ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, সবুজার সঙ্গে বাবুর দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল। গত ৩-৪ দিন আগে স্থানিয়রা তাদের একসাথে দেখায় দুই পরিবারের মধ্যে ঘটনাটি জানাজানি হয়। পরে প্রেমিক প্রেমিকা উভয় এবং তাদের পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথাবার্তা পাকা হয়। কিন্তু বুধবার অর্থাৎ ২৭ মার্চ হঠাৎই ছেলের পরিবারের লোকজন ছেলেকে দূরে পাঠিয়ে দেয় ও এই বিয়েতে অসম্মতি জানায়। এরপর থেকেই ওই তরুণী মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। ঘটনার দিন সকালে তরুণী ঘরে একাই ছিলেন। কিছুক্ষণ পর পরিবারের লোকজন এসে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছে সবুজা। খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তরুণীর মৃতদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







