তালিবানি কায়দায় এক মহিলা ও এক পুরুষকে রাস্তায় ফেলে লাঠির গোছা দিয়ে মার। আর এই কীর্তিতে মূল অভিযুক্ত তৃণমূল নেতা জেসিবি-র নাম এখন পৌঁছে গিয়েছে জাতীয় স্তরে। ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে চোপড়ার সেই ষণ্ডা মার্কা নেতা জেসিবি-কে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
উত্তর দিনাজপুরের চোপড়ার হাড়হিম করা ভিডিও ভাইরাল হতেই ফের প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। রাজ্যে যখন নানান জায়গায় একের পর এক গণপিটুনির ঘটনা সামনে আসছে তার মধ্যেই এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে সিপিএম, বিজেপি।
এবার প্রকাশ্যে মারধরের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
যুগলকে নির্মমভাবে মারধরের ঘটনায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিন্দা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘এই রাজ্য মহিলাদের জন্য নিরাপদ নয়’। তিনি আরও বলেছেন, ‘সন্দেশখালি, উত্তর দিনাজপুর বা রাজ্যের অন্য কোন জায়গা! দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়। তালিবান রাজ্যে পরিণত হয়েছে বাংলা। তৃণমূল বিধায়ক, নেতা কেউ এই বিষয়ের প্রকাশ্যে নিন্দা জানাচ্ছেন না। এর থেকে এটাই স্পষ্ট বাংলায় ‘তালিবানি শাসন’ চলেছে। বাংলার এই ঘটনা শরিয়া আইনের নিষ্ঠুরতার কথাকে স্মরণ করিয়ে দেয়। গোটা দেশের মাথা এই ঘটনায় হেঁট হয়ে গিয়েছে’।







