প্রাতঃভ্রমণ থেকে জেলা সফর, যেখানেই হোক, ‘বাইট’ দেবেনই তিনি৷ এবারও তার অন্যথা হল না। আজ দিলীপের মুখে শোনা গেল, ‘কোনও রাজনীতির কথা নয়! আমি বাইট দিই না!’
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে নিজের জেতা আসন মেদিনীপুরের পরিবর্তে দলের সিদ্ধান্ত মেনে দিলীপকে বর্ধমান-দুর্গাপুর প্রার্থী হিসেবে দাঁড়াতে হয়। তৃণমূলের কীর্তি আজাদের কাছে ১ লাখ ৩৭ হাজার ভোটে পরাজয়ের পর প্রকাশ্যেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করাতে সামিল হয়েছিলেন তিনি৷
বেশকিছু দিন আগে দলের অনেক প্রোগ্রামে তাঁকে ডাকাও হতো না, এহেন দাবিও করেছিলেন প্রবীণ বিজেপি নেতা। যার জেরে অস্বস্তিতে পড়েছিল দলও।
রাজ্যজুড়ে ঘটে চলা গণপিটুনি প্রসঙ্গ উঠতেই মেজাজ সপ্তমে চড়িয়ে দিলীপ বলেন, ‘১ জুলাই থেকে আমাদের সরকার নতুন আইন চালু করেছে। গণপ্রহারের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অথচ বাংলাকে যাঁরা রক্তাক্ত করছে সেই তৃণমূল এই আইনের বিরুদ্ধে আদালতে যাচ্ছে। কারণ, ওরা গুন্ডাদের পোষে, গুন্ডাদের সাংসদ, বিধায়ক করে!’
আবার, রাজ্যের বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়েও সরব হন নেতা। দিলীপ ঘোষ বলেন, ‘বাংলা জুড়ে হিংসার রাজনীতি হচ্ছে। মহিলাকে রাস্তায় বিবস্ত্র করে পেটানো হচ্ছে। এখন বুদ্ধিজীবীরা কোথায়?’







