রাজ্য

বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে অশান্তি, মেট্রো উদ্বোধনে মোদী-মমতা সমীকরণ, কমিশনের নির্দেশে রাজ্যের বাড়তি চাপ

ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের বারবার “বাংলাদেশি” অপমানের অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত রাজনীতি। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, বিজেপি শাসিত একাধিক রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। এরই মধ্যে ফের মৃত্যুর খবর মিলল মুর্শিদাবাদের ফরাক্কার কাদির শেখ (৩২)-এর। কয়েকদিন নিখোঁজ থাকার পর অন্ধ্রপ্রদেশে রেললাইনে মিলল তাঁর মৃতদেহ। পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এই প্রেক্ষিতে তৃণমূলের প্রতিবাদ মিছিলে হুগলির খানাকুলে হিংসার আবহ। অভিযোগ, তৃণমূলের বাইক মিছিলে হামলা চালানো হয়। পাল্টা বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ইটবৃষ্টি, পথ অবরোধ, টায়ার জ্বালানো—অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জও হয়।

এদিকে, আগামী ২২ আগস্ট কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইয়েলো লাইনের যশোর রোড স্টেশনে হবে অনুষ্ঠান। আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিমন্ত্রণপত্র পাঠিয়েছে রেলমন্ত্রক। শুধু আমন্ত্রণ নয়, চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে রাজ্যের বিভিন্ন চলমান রেলপ্রকল্পের পূর্ণাঙ্গ খতিয়ান। জানা গেছে, সেদিন শিয়ালদহ–এসপ্ল্যানেড গ্রিন লাইন, হেমন্ত মুখোপাধ্যায়–বেলেঘাটা অরেঞ্জ লাইন এবং নোয়াপাড়া–জয় হিন্দ (বিমানবন্দর) ইয়েলো লাইন চালু হবে। পাশাপাশি উদ্বোধন হবে হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েরও।

রাজনৈতিক অস্থিরতার মাঝেই কমিশনের নির্দেশে রাজ্য সরকারের ওপর নতুন চাপ। ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে পাঁচ সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সাত দিনের সময়সীমা প্রায় শেষ। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা যাচ্ছে। একই দিনে মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, চারজন আধিকারিককে সাময়িক বরখাস্ত, একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সরানো এবং পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা। তবে এখনও পদক্ষেপ না নেওয়ায় কমিশনের চাপ ক্রমেই বাড়ছে।

একদিকে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ইস্যু, অন্যদিকে মোদী-মমতা মেট্রো উদ্বোধনে এক মঞ্চে আসার সম্ভাবনা এবং তার সঙ্গে কমিশনের নির্দেশ—সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.