কলকাতারাজনীতি

স্বরূপের ফ্ল্যাটে তল্লাশি, বাড়ছে অরূপ বিশ্বাসের চাপ

মেসি-কাণ্ডে এখনও থানায় হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্ট থেকেও কোনও স্বস্তি পাননি তিনি। এরই মধ্যে বেহালার সাহাপুর কলোনিতে অরূপ ও স্বরূপ বিশ্বাসের আবাসনে পৌঁছয় বিপুল পুলিশবাহিনী। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় ফ্ল্যাট চত্বর। ওই আবাসনেই পরিবারের সঙ্গে বসবাস করতেন স্বরূপ বিশ্বাস। সূত্রের দাবি, ফ্ল্যাটের ভিতরে বিস্তৃত তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

একজন হেয়ার ড্রেসারের দায়ের করা যৌন নির্যাতন-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় স্বরূপ বিশ্বাসকে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্তকারীদের অনুমান, ফ্ল্যাটে গুরুত্বপূর্ণ নথি বা তথ্যপ্রমাণ থাকতে পারে। সেই কারণেই ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বাসভবনে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, মেসি-কাণ্ডের তদন্তে এখনও বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। সময় যত এগোচ্ছে, ততই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। ফলে পুলিশের প্রতিটি পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলেও উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

একসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন অরূপ বিশ্বাস। পূর্ববর্তী সরকারের আমলে বিদ্যুৎ ও ক্রীড়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন তিনি। অভিযোগ, সেই রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তাঁর ভাই স্বরূপ বিশ্বাস বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। তোলাবাজি, আর্থিক প্রতারণা এবং রাজনৈতিক প্রভাব খাটানোর মতো নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে।

এছাড়াও, জমি দখল করে সুরুচি সংঘ পরিচালনার অভিযোগও রয়েছে স্বরূপের বিরুদ্ধে। অভিযোগ, ক্লাব ভবনের দ্বিতীয় তলায় বিলাসবহুল ব্যবস্থার আড়ালে বেআইনি কার্যকলাপ চলত। একইসঙ্গে টলিউড ইন্ডাস্ট্রিতে দুই ভাইয়ের প্রভাব বিস্তার নিয়েও দীর্ঘদিন ধরে নানা অভিযোগ শোনা গিয়েছে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্তা ও অস্ত্র আইনে মামলাও দায়ের হয়েছে। ইতিমধ্যেই তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। অন্যদিকে, মেসি-কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই অরূপ বিশ্বাসকে ঘিরে চাপ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.