কলকাতা

এসএসকেএমে আচমকা ভেঙে পড়ল বিশাল গাছ, মৃত এক মহিলা; আহত শিশু-সহ ২

এসএসকেএম হাসপাতালে মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই বিশাল একটি পুরনো গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। গাছের নীচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন এক শিশু-সহ আরও দু’জন। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল প্রায় ৮টা নাগাদ ইউরোলজি বিভাগের কাছে থাকা একটি বিশাল পুরনো গাছ আচমকাই উপড়ে পড়ে। সেই সময় হাসপাতালে রোগী ও তাঁদের পরিজনদের যথেষ্ট ভিড় ছিল। গাছটি সরাসরি এক মহিলার মাথার উপর পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এরপর গাছের নীচে আটকে পড়েন এক শিশু-সহ আরও দু’জন। স্থানীয় মানুষ এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে এসএসকেএমের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

রোগীর পরিজনদের অভিযোগ, গাছটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় আগে থেকেই সেটির স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাঁদের দাবি, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ার ফলেও গাছটি উপড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। হাসপাতালের মতো ব্যস্ত জায়গায় সকালের ভিড়ের সময়ে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক রোগীর পরিজনের কথায়, “আমরা প্রায়ই গাছের নীচে বসে বা বিশ্রাম নিই। কখনও ভাবিনি এমন দুর্ঘটনা ঘটতে পারে। একজন ঘটনাস্থলেই মারা গেলেন, আরও দু’জন আহত হয়েছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.