রহস্যময় ড্রোন উড়ে বেড়াচ্ছে কলকাতার আকাশে । জানা গিয়েছে, মহেশতলা ও বেহালার দিক থেকে আকাশে সাতটি রহস্যময় ড্রোন উড়ে আসতে দেখা যায়। যেখানে ভারত – পাকের মধ্যে এক উদ্বেগজনক পরিস্থিতি চলছে , সেই সময় দাড়িয়ে কলকাতার আকাশে এইভাবে ড্রোন উড়তে দেখায় , স্বাভাবিকভাবেই রহস্য দানা বেঁধেছে।
যেখানে ড্রোন উড়ছে , তার আশেপাশে দ্বিতীয় হুগলি সেতু ও ফোর্ট উইলিয়ামের মতো জায়গা রয়েছে। পাশাপাশি সেনার অধীনে এখন ময়দানের বিস্তীর্ণ এলাকা। সেক্ষেত্রে ড্রোন ওড়ার বিষয় নিয়ে সেনাবাহিনীর সঙ্গেও কথা বলছে কলকাতা পুলিশ ।
উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকেই দেখা যায় ড্রোন উড়তে ? মঙ্গলবার রাতে হঠাৎই মহেশতলা ও বেহালার দিক থেকে দেখা যায় অদ্ভুূত আলো উড়ে আসতে। সাধারণত কলকাতার আকাশে এধরনের আলো দেখতে পাওয়া যায় না, তাই অদ্ভুত আলোর বিষয়টি তৎক্ষণাৎ নজরে পড়ে সেনার।
রাতেই কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিক ফোন করে লালবাজার কন্ট্রোলরুমে। লালবাজার থেকেও এই বিষয় সম্পর্কে নির্দিষ্ট করে বেশ কিছু থানাকে জানানো হয়। তারপর থানার আধিকারিকরা অদ্ভুত আলোর বিষয়টি দেখার চেষ্টা করে এবং সেটি কি জানার চেষ্টা করে। কিন্তু রাতে দৃশ্যমানতা কম থাকায়, বিষয়টি স্পষ্ট করে বোঝা যায় না । অনুমান ড্রোনের গতিতেই ওই অদ্ভুত আলো ঘুরপাক খাচ্ছিল।
এবিষয় অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুড়ি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ড্রোনগুলি কী ধরনের ড্রোন, তার রেঞ্জ কীরকম, সেটা দেখতে হবে। হতে পারে বাংলাদেশ থেকে ড্রোনগুলি এসে থাকতে পারে, এখন অবশ্য এই নিয়ে জল্পনা করে লাভ নেই। যদি সার্ভিলেন্স ড্রোন হয়, তাহলে চিন্তার বিষয় রয়েছে।”







