আগামী ৭ মে গোটা দেশে অনুষ্ঠিত হতে চলেছে এক গুরুত্বপূর্ণ মহড়া, যা সাধারণ মানুষের অংশগ্রহণে পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া। সীমান্ত ঘেরা রাজ্য হিসেবে বাংলার গুরুত্বের কথা মাথায় রেখেই বিশেষ সতর্কবার্তা দিয়েছে কেন্দ্র।
সম্প্রতি কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে এক বৈঠকে জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বাংলাকে আগামী সাত দিনের মধ্যে পরিকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে রাজ্যে প্রচুর সাইরেন থাকলেও, কলকাতার ৯৫টি সাইরেনের মধ্যে অনেকগুলোই অকেজো। এগুলি দ্রুত সারিয়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে প্রতিটি জেলায় ২০-২৫টি করে সাইরেন রয়েছে।
রাজ্যে বর্তমানে ৬২টি স্যাটেলাইট ফোন রয়েছে, যার মাধ্যমে এয়ারফোর্স থেকে সিভিল ডিফেন্স পর্যন্ত তথ্য আদানপ্রদান হবে। এরপর সেই তথ্য পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন দপ্তরে।
এছাড়াও প্রতিটি জেলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু থাকবে, যা বর্ষার প্রস্তুতির অংশ হিসেবে আগেই তৈরি হয়েছিল। এবার সেগুলিই যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহৃত হবে।
নবান্ন সূত্রে খবর, রাজ্যের হাতে এখন মাত্র সাত দিন সময় আছে সমস্ত ঘাটতি পূরণ করে প্রস্তুতি সম্পূর্ণ করার। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্র ও রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা।







