নেপালে আচমকাই ভূমিধস। নেপালে ভূমিধসের উত্তাল নদীতে দুটি বাস ভেসে যাওয়ার ঘটনায় সাত ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে।বাস দুটিতে মোট ৬৩ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত ৭ ভারতীয়র মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত ভারতীয় পর্যটকরা যে বাসে ছিলেন, সেই বাসটি বীরগঞ্জ থেকে কাঠমাণ্ডু যাচ্ছিল।
হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আচমকা ধস নামায় ত্রিশুলি নদীতে ভেসে যায় যাত্রিবাহী দুটি বাস। এই ঘটনায় নিখোঁজ হয় ৬৩ জন যাত্রী। ওই যাত্রীদের মধ্যে ছিলেন মৃত ভারতীয় পর্যটকরা।
জানা গিয়েছে, শুক্রবার ভোরে নেপালের মদন-আশ্রিত মহাসড়কে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ওই সড়কের ওপর দিয়ে বাস দুটি যাওয়ার সময়ই আচমকা ধস নামে। প্রবল বৃষ্টির মধ্যে কিছুই করার ছিল না বাস চালকদের।নাগাড়ে বৃষ্টিপাতের মধ্যে ভোর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নিমেষেই বাস দুটি ছিটকে পড়ে উত্তাল ত্রিশূলি নদীতে। ভেসে যায় বাস দুটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুটি বাসে অন্তত ৬৩ জন ছিলেন বলে। জলের তোরে দ্রুত গতিতে ভেসে যাওয়ায় যাত্রীরা কেউই বাস থেকে বের হওয়ার সুযোগ পাননি।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান নেপাল প্রশাসনের শীর্ষ কর্তারা। ত্রিশূলি নদীতে নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই।
কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্য়ে ৬২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন বলে খবর। এছাড়া কমপক্ষে ২০০টির উপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় হাজারেরও বেশি পরিবার ঘরছাড়া। কাঠমান্ডু উপত্যকা, কাঠমান্ডু, ভক্তপুর এবং ললিতপুর জেলায় ভারী বৃষ্টি হয়ে চলেছে। যার ফলে প্রধান নদীগুলিতে ব্যাপক জলস্ফীতি হয়েছে। বাগমতি, বিষ্ণুমতি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। কাঠমান্ডুর বালখু এবং থাপাথালির মতো এলাকায় বন্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছেন। শিশু এবং পরিবারের লোকেদের নিয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল নিখোঁজ যাত্রীদের অনুসন্ধান ও উদ্ধারের নির্দেশ দিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমে পড়ে প্রশাসন। তবে টানা বৃষ্টির জেরে উদ্ধারে কার্যে বেশ সমস্যা হয়। প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে চালানো হয় উদ্ধারকাজ। নিখোঁজ যাত্রীদের মধ্য মৃত সাত ভারতীয়র বিষয়টি নিশ্চিত করেছে নেপাল প্রশাসন। এদিকে আবহাওয়া খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়ক পথেই যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নেপালে। নেপালবাসী এবং ট্যুরিস্টদের উদ্দেশ্যে সর্তকবার্তা জারি করেছেন। প্রশাসন।







