দেশ

‘দলের ঊর্ধ্বে উঠুন’, বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

সংসদের বাজেট অধিবেশন শুরুর পূর্বে আজ, সোমবার বিরোধীদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী সাংসদদের কাছে তাঁর অনুরোধ, ‘আগামী পাঁচ বছর দেশের জন্য লড়তে হবে। দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে।’

বিরোধীদের প্রতি তোপও দাগেন প্রধানমন্ত্রী। বলেন, ‘কিছু দল নিজেদের ব্যর্থতা লুকোতে সংসদের সময়কালের ব্যবহার করেন।’ এই আবহে সব দলের প্রতি মোদীর বার্তা, আগামী পাঁচ বছর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেন সবাই ঐক্যবদ্ধ হয়। তাঁর সংযোজন, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন যে, সংসদের প্রথম অধিবেশনেই দেশের ১৪০ কোটি মানুষের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত সরকারের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল। আড়াই ঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর কণ্ঠকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। দেশের মানুষ দলের জন্য নয় দেশের জন্য পাঠিয়েছে। এই সংসদ দেশের জন্য, দলের জন্য নয়।’

পাশাপাশি, ভারতীয় অর্থনীতি প্রসঙ্গে মোদীর উবাচ, ‘প্রত্যেক নাগরিকের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় যে ভারত বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে দ্রুত বর্ধনশীল দেশ। গত ৩ বছরে, আমরা ৮ শতাংশ অব্যাহত প্রবৃদ্ধির সাথে এগিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, সাম্প্রতিক আবহে আসন্ন বাজেট অধিবেশন ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করেন নরেন্দ্র মোদী। যাতে সমস্ত পক্ষকেই সহযোগিতার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, আগামীকাল সকাল ১১টা নাগাদ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা নিয়ে চর্চা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.