কিরঘিজস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) ২৬তম সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে পার্শ্ববৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠক ঘিরেই এবার নয়াদিল্লিকে পরোক্ষে বার্তা দিল ওয়াশিংটন। আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও দেশকেই ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করা উচিত নয়।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, নিজেদের বিদেশনীতি অনুযায়ী বিভিন্ন দেশ ইরান সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। অতীতে আমেরিকাও তেহরানের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছে। তবে সেই সমস্ত আলোচনার কোনওটিই সফল হয়নি বলে দাবি করেন তিনি।
রুবিও আরও জানান, ইরানের সঙ্গে কোন কোন দেশ যোগাযোগ রাখছে, সে বিষয়ে ওয়াশিংটন অবগত। তাঁর কথায়, মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে কোনও দেশ যেন ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা না করে। এমন কোনও ব্যবস্থা বা পরিকাঠামো তৈরিতেও সহযোগিতা করা উচিত নয়, যার মাধ্যমে ইরান অর্থ উপার্জনের সুযোগ পায়। রুবিওর আশঙ্কা, সেই অর্থ ব্যবহার করে তেহরান সন্ত্রাসবাদে অর্থ জোগানো কিংবা পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাতে পারে।
এ ধরনের কোনও পদক্ষেপ যদি কোনও দেশ নেয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন বিদেশসচিব। তবে মোদি-পেজেসকিয়ান বৈঠকের পর ভারত ও ইরানের মধ্যে কোনও বাণিজ্যচুক্তি হতে চলেছে বলে যে জল্পনা তৈরি হয়েছে, তা খারিজ করেছেন রুবিও।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন দুই রাষ্ট্রনেতা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়।
হাই প্রোফাইল ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি-সহ একাধিক শীর্ষ আধিকারিক। মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা—একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মোদি ও পেজেসকিয়ানের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।







