পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ঘনরামপুর গ্রামে উজ্বলা গ্যাস প্রকল্পে জালিয়াতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। দীর্ঘদিন ধরে অন্যের মোবাইলে আসা OTP ব্যবহার করে গ্যাস বুকিং এবং সেই গ্যাস তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় রাজু ঘোষ নামে ওই ব্যক্তিকে আটক করেছে চন্দ্রকোনা থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উজ্বলা প্রকল্পের উপযুক্ত উপভোক্তা হওয়া সত্ত্বেও তাঁরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। গ্যাস বুক করতে গিয়ে অনেকেই জানতে পারছেন, তাঁদের নামে ইতিমধ্যেই গ্যাস বুকিং হয়ে গিয়েছে। অভিযোগ, অন্য একটি বিকল্প মোবাইল নম্বর ব্যবহার করে দীর্ঘ প্রায় ছয় থেকে সাত মাস ধরে গ্যাস বুকিং করা হচ্ছিল এবং OTP ব্যবহার করে সেই গ্যাস তুলে নেওয়া হচ্ছিল।
স্থানীয় সূত্রের দাবি, রাজু ঘোষ আগে আনন্দপুর থানার তোরিয়া গ্রামের একটি ইন্ডিয়ান গ্যাসের এজেন্ট হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, ঘনরামপুর এলাকার প্রায় ৫০ জন উপভোক্তার কাছ থেকে টাকা নিয়ে উজ্বলা গ্যাসের সংযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এরপর তাঁদের আসল মোবাইল নম্বরের পাশাপাশি একটি বিকল্প নম্বর ব্যবহার করা হয় বলে অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি রাজু ঘোষকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুরো ঘটনায় কারা জড়িত, কীভাবে উপভোক্তাদের তথ্য ও OTP ব্যবহার করা হয়েছিল এবং দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া কীভাবে চলছিল—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।







