আরজিকরকাণ্ডে মৃত ছাত্রীর সোদপুরের বাড়িতে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ নিহত ছাত্রীর বাড়িতে পৌঁছে তাঁর বাবা, মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ঘটনার পরদিনই অবশ্য নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন মমতা।
নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলতেই সেখানে যান মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের এখন বক্তব্য কী, কী চান তাঁরা; সেই বিষয়ে মমতার সঙ্গে আলোচনা চলে বলেই মনে করা হয়।
নির্যাতিতার বাড়ি থেকে বেড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘আমরা ফাঁসির দাবি জানাব। যদি এই ঘটনায় ভিতরের কেউ জড়িত থাকে, তাকেও সামনে আনতে হবে। নির্যাতিতার বাবা-মায়েরও সন্দেহ ভিতরের কেউ থাকতে পারে। যে’ই থাকুক, আমি চাই তাকে দ্রুত গ্রেফতার করা হোক। দ্রুত মামলার নিষ্পত্তি চাই।’
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই আরজিকরকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। শুধু সিবিআই নয়, অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে সংশ্লিষ্ট ঘটনার তদন্তভার দিতে হবে বলেও আর্জি জানানো হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।







