গতকাল অর্থাৎ বুধবার থেকে দুর্যোগ চলছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার,জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন। সামনেই উচ্চ মাধ্যমিক। বাড়িতে বিদ্যুৎ না থাকার দরুন পড়াশোনার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়েছে ছাত্র ছাত্রীদের মধ্যে। তাই সমস্যার সমাধানে লাগাতার ফোন যাচ্ছে ‘এক ডাকে অভিষেক’-এ।
এই বিষয় প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লেখেন, ‘ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সাহায্যের আর্জি জানিয়ে ভিত্তিতে ‘এক ডাকে অভিষেক’–এ ফোন করেছিলেন আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির বাসিন্দারা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলি। ২৫০ জনেরও বেশি কর্মী এখন কাজে লেগে পড়েছেন। আগামী ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে বিষয়টির সুরাহা হয়ে যাবে। আমি আনন্দিত, জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের এই উদ্যোগ মুহূর্তেই তাঁদের সমস্যা সমাধানের সুযোগ করে দিচ্ছে আমাদের।’
দোরগোড়ায় পঞ্চায়েত। তৃণমূলের লক্ষ্য ‘জনসংযোগ’। সম্প্রতি পৈলানে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূল সাংসদ। মঞ্চ থেকে হেল্প লাইন নম্বর দেন। নম্বরটি হল ৭৮৮৭৭৭৮৮৭৭। সংশ্লিষ্ট নম্বরে এলাকাবাসীকে তাঁদের যাবতীয় সমস্যার কথা জানাতে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।







