জেলা

মাঝ গঙ্গায় আত্মহত্যার চেষ্টা! শেষ মুহূর্তে নাটকীয় উদ্ধার

শনিবার সকালে হাওড়ার বাঁধাঘাট এলাকায় ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। লিলুয়া ভট্টনগরের বাসিন্দা এক বৃদ্ধ দম্পতি চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে লঞ্চের দুই কর্মীর তৎপরতায় সেই চেষ্টায় ব্যর্থ হন তাঁরা। সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে সেফটি টায়ারের সাহায্যে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালিপাঁচঘরা থানার পুলিশ। দম্পতিকে প্রাথমিক চিকিৎসা করানোর পর থানায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাঁদের কাউন্সেলিং চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একমাত্র কন্যার অবহেলা এবং বাড়ি দখলের চক্রান্তের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই দম্পতি। তাঁদের অভিযোগ, মেয়ে তাঁদের কোনও খোঁজখবর রাখেন না, অর্থনৈতিকভাবেও সাহায্য করেন না। উপরন্তু, স্থানীয় কিছু লোক ও এক প্রোমোটার মিলে তাঁদের বসতবাড়ি দখলের চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, লঞ্চ মাঝগঙ্গায় পৌঁছালে দম্পতি একসঙ্গে রেলিং-এর ধারে দাঁড়িয়ে ঝাঁপ দেন। মহিলার পরনে ছিল শাড়ি, পুরুষটির গায়ে ফুলহাতা জামা ও প্যান্ট ছিল।

লঞ্চ কর্মীদের সাহসিকতায় প্রাণে বেঁচে যান ওই দম্পতি। ভূতল পরিবহন নিগম জানিয়েছে, এই দুই কর্মীকে শীঘ্রই পুরস্কৃত করা হবে।

এই ঘটনার পর হাওড়া বাঁধাঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দম্পতির মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.