শনিবার কেদারনাথে এক মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিনজন। এমস ঋষিকেশের হেলি অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি হেলিকপ্টার জরুরি অবতরণের সময় আচমকাই ভেঙে পড়ে। হেলিকপ্টারটিতে থাকা এক ক্যাপ্টেন, এক ডাক্তার এবং এক মেডিকেল স্টাফ তিনজনই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।
সূত্রের খবর, এক রোগীকে আনতে এসে মাঝ আকাশে ভারসাম্য হারায় হেলিকপ্টারটি। এরপর ক্যাপ্টেন দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে হেলিকপ্টারের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি ভেঙে পড়ে। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা ও পর্যটকেরা ঘটনাস্থলে ভিড় করেন। যদিও হতাহতের কোনো খবর নেই, তবুও দুর্ঘটনাটি কেদারনাথের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।







