রাজ্য

ফেভিকল কা জোড় টুট গয়া! পিয়ুষ পাণ্ডের প্রয়াণে শোকস্তব্ধ বিজ্ঞাপন জগৎ

ভারতের বিজ্ঞাপন জগৎ হারাল তার এক উজ্জ্বলতম নক্ষত্রকে। বৃহস্পতিবার প্রয়াত হলেন কিংবদন্তি বিজ্ঞাপন গুরু পিয়ুষ পাণ্ডে (Piyush Pandey)। চার দশকেরও বেশি সময় ধরে ওগিলভি ইন্ডিয়ার (Ogilvy India) সঙ্গে যুক্ত থেকে তিনি শুধু সংস্থাটিকেই নয়, গোটা ভারতীয় বিজ্ঞাপন শিল্পকেই নতুন ভাষা, নতুন আত্মা এবং নতুন সুর দিয়েছিলেন।

১৯৮২ সালে মাত্র ২৭ বছর বয়সে ওগিলভিতে যোগ দিয়েছিলেন পিয়ুষ পাণ্ডে— তখনও ভারতীয় বিজ্ঞাপন জগতের ভাষা ও ভাবধারা ইংরেজি ঘরানার। সেই একঘেয়েমি ভেঙে হিন্দি ও দেশজ ভাবনাকে কেন্দ্র করে গল্প বলার নতুন ধারা শুরু করেছিলেন তিনি। “মিলে সুর মেরা তোমহারা”, “ফেভিকল কা জোড়”, “চল মেরে ভাই” কিংবা “কাদারনাথ কা কফি” — প্রতিটি প্রচারে তাঁর সেই স্বকীয় ছোঁয়া আজও জীবন্ত।

তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্প ও সংস্কৃতি মহলে।
ব্যবসায়ী সুহেল সেঠ এক আবেগঘন বার্তায় লিখেছেন,

“আমার প্রিয় বন্ধু, প্রতিভাবান পিয়ুষ পাণ্ডের চলে যাওয়ায় আমি গভীরভাবে শোকাহত ও ভেঙে পড়েছি। ভারত হারাল এক অসাধারণ বিজ্ঞাপন মন, এক সত্যিকারের দেশপ্রেমিক ও এক অসামান্য মানুষকে। এখন স্বর্গেও বেজে উঠবে ‘মিলে সুর মেরা তোমহারা’র সুর।”

চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতাও শ্রদ্ধা জানিয়েছেন এক হৃদয়স্পর্শী বার্তায়—

“ফেভিকল কা জোড় টুট গয়া। আজ বিজ্ঞাপনের দুনিয়া তার নিজের আঠা হারাল। পিয়ুষ পাণ্ডে, শান্তিতে থাকুন।”

শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গয়ালও। তিনি বলেন,

“পদ্মশ্রী পিয়ুষ পাণ্ডের প্রয়াণে আমি গভীরভাবে ব্যথিত। বিজ্ঞাপনের জগতে তিনি ছিলেন এক বিশাল ব্যক্তিত্ব, যার সৃষ্টিশীলতা গল্প বলার ধরণকেই বদলে দিয়েছে। তাঁর উষ্ণতা, সততা ও রসবোধ আমাদের সকলকে মুগ্ধ করেছিল। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি।”

পদ্মশ্রী সম্মানে ভূষিত পিয়ুষ পাণ্ডে ভারতীয় বিজ্ঞাপনের ইতিহাসে এক অনন্য নাম— যিনি প্রমাণ করে গিয়েছেন, ভাষা নয়, অনুভূতিই পারে কোটি মানুষের হৃদয়ে পৌঁছতে। তাঁর সৃষ্টি, তাঁর ভাবনা, তাঁর হাসি— চিরকাল বেঁচে থাকবে ভারতীয় বিজ্ঞাপনের প্রতিটি ফ্রেমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.