রাজ্য

অক্টোবর থেকেই আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে উন্নত মিড-ডে মিল, বড় সম্প্রসারণ রাজ্যের

স্কুলপড়ুয়াদের পুষ্টির দিকে নজর দিয়ে মিড-ডে মিল পরিষেবার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ১ অক্টোবর থেকে আরও প্রায় ১ লক্ষ পড়ুয়াকে উন্নতমানের মিড-ডে মিল ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের জন্য এই বিশেষ উদ্যোগে পুষ্টিকর, সুষম এবং স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের উপর জোর দেওয়া হচ্ছে। ইসকনের সহযোগী সংস্থা ‘অন্নমৃতা ফাউন্ডেশন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা চালানো হচ্ছে।

প্রথম পর্যায়ে প্রায় ৩০ হাজার পড়ুয়াকে আধুনিক কেন্দ্রীভূত রান্নাঘরে তৈরি খাবার দেওয়া শুরু হয়েছিল। পরবর্তী সময়ে আরও ১৫ হাজার পড়ুয়াকে এই ব্যবস্থায় যুক্ত করা হয়। ফলে বর্তমানে প্রায় ৪৫ হাজার পড়ুয়া এই পরিষেবার সুবিধা পাচ্ছে। এবার এক ধাক্কায় আরও ১ লক্ষ পড়ুয়াকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাবারের নির্দিষ্ট ক্যালরি ও প্রোটিনের মান বজায় রাখা, পরিচ্ছন্ন পরিবেশে রান্না এবং নির্দিষ্ট সময়ে স্কুলে খাবার পৌঁছে দেওয়ার বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজ্য সরকারের পরিকল্পনা, আগামী দিনে ধাপে ধাপে সমস্ত সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের এই উন্নত মিড-ডে মিল পরিষেবার আওতায় নিয়ে আসা।

জানা গিয়েছে, গত ১ অগস্ট কলকাতায় প্রথম কেন্দ্রীয় রান্নাঘর চালু করে অন্নমৃতা ফাউন্ডেশন। বর্তমানে কলকাতা পুরসভা এলাকার সরকারি স্কুলগুলিতে সেখান থেকেই খাবার সরবরাহ করা হচ্ছে। ফাউন্ডেশনের দাবি, খাবারের গুণমান, পুষ্টি, পরিচ্ছন্নতা ও স্বাদ নিয়ে পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে।

ফাউন্ডেশনের তরফে আরও জানানো হয়েছে, ২০০৪ সাল থেকে দেশের বিভিন্ন সরকারি স্কুলে পুষ্টিকর খাবার সরবরাহের কাজ করছে তারা। বর্তমানে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা-সহ একাধিক রাজ্যে প্রতিদিন বিপুল সংখ্যক পড়ুয়ার কাছে খাবার পৌঁছে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.