রাজ্য

বিধানসভায় অসৌজন্য আচরণে উত্তাল পরিস্থিতি, রুলস স্ট্র্যাটেজি বদলের দাবি ট্রেজারি বেঞ্চের

পশ্চিমবঙ্গ বিধানসভায় ফের উত্তেজনা। বিরোধী বিজেপি বিধায়কদের ‘কথা বলেই বেরিয়ে যাওয়ার’ প্রবণতা নিয়ে কার্যত ক্ষোভে ফুঁসছে ট্রেজারি বেঞ্চ। আজ বিধানসভা কক্ষের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনার সময় দেখা যায়, বিজেপি বিধায়করা তাঁদের বক্তব্য শেষ করেই সমবেতভাবে সভাকক্ষ ত্যাগ করেন। এই ঘটনাকে ‘অসৌজন্যমূলক’ এবং ‘পরিকল্পিত নাটক’ বলে কড়া ভাষায় প্রতিবাদ জানায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তিনি স্পিকারের উদ্দেশে বলেন, “এই অভ্যাস এখনই বন্ধ করা দরকার। রুলস অ্যান্ড রেগুলেশন স্ট্র্যাটেজি বদল করুন। বারবার এমন হলে বিধানসভা নিয়মিত আলোচনার জায়গা হয়ে উঠবে না।”

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, “এক্সপাঞ্জ এখনই করতে হবে। বারবার এমন ঘটনা ঘটছে। বিরোধীরা বক্তব্য রেখে চলে যাচ্ছেন, এটি শুধু শিষ্টাচার লঙ্ঘন নয়, সংসদীয় মর্যাদারও অবমাননা।”

শেষমেশ পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দেন, “রুলস অনুযায়ী এমন আচরণ মেনে নেওয়া যায় না। তাই ভবিষ্যতে এমন ঘটলে বিরোধীদের বক্তব্য সম্পূর্ণভাবে এক্সপাঞ্জ করে দেওয়া হবে।”

ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যদিও বলেন, “সরকার পক্ষ আলোচনার পরিবেশ নষ্ট করছে, তাই প্রতিবাদ জানিয়ে বেরিয়ে যাওয়া ছাড়া উপায় নেই।”

এই ঘটনায় বিধানসভার পরিবেশ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। নিয়ম ও সৌজন্য রক্ষার ভার এবার সম্পূর্ণভাবে স্পিকারের কাঁধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.