‘আসুন না, কথা হবে, আলোচনা হবে। আমরা তো কথা বলতে প্রস্তুত’, আন্দোলনরত চিকিৎসকদের বার্তাদান মুখ্যমন্ত্রীর।
আরজিকরকাণ্ডের সুবিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির একমাস হল। প্রভাব পড়ছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে। প্রচুর রোগী ফিরে যাচ্ছেন চিকিৎসা না পেয়ে। আজ, সুপ্রিমকোর্ট এই মামলার শুনানিতে নির্দেশ দিয়েছে, চিকিৎসকদের কাজে ফেরার ডেডলাইন মঙ্গলবার বিকেল ৫টা। এই নির্দেশকে স্বাগত জানিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর উবাচ, ‘সেদিন স্বাস্থ্যভবনে গিয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল যা যা দাবি করেছিলেন, তার সবটাই মেনে নেওয়া হয়েছে। আপনারা অধ্যক্ষের অপসারণ, MSVP বদল চেয়েছিলেন। তা সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়েছে। চারটি দাবি ছিল, সব পূরণ করেছি। তা সত্ত্বেও কেন কাজে ফিরছেন না?” তাঁর আরও সংযোজন, ‘যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া। অনুমতি নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও আজ ডাক্তারদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য। আমিও আবার অনুরোধ করব, কাজে ফেরার জন্য।’







