সারা রাজ্য জুড়ে চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। চলছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের স্লোগান। এমন অবস্থায় প্রমাণ লোপাট ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে দ্রুত শুনানির জন্য আইনজীবী অমৃতা পাণ্ডের আবেদনে আজও সাড়া দিল না কলকাতা হাইকোর্ট।
আগামী ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তাই এই শুনানির দিন আগামী ১৮ সেপ্টেম্বর ধার্য করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।আইনজীবী অমৃতা পাণ্ডে আবেদনটিকে গুরুত্ব দিয়ে নির্দিষ্ট দিনে মামলা তালিকায় প্রথম দিকে রাখার আর্জি জানান। প্রধান বিচারপতি বলেন ১৮ সেপ্টেম্বর এই আবেদনটি তালিকাভুক্ত করা হবে।
গত ৪ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমৃতা পান্ডে। তাঁর বক্তব্য, আরজি কর কাণ্ডের মৃতার নাম প্রকাশ্যে বলেছেন পুলিশ কমিশনার। তাই তাঁকে পদ থেকে সরানো হোক। প্রধান বিচারপতি তখন জানান, “এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেখানে গিয়ে আপনারা বলুন। সংবাদমাধ্যমে দেখলাম কেন্দ্রীয় সরকার মামলায় যুক্ত হতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করবে। সেখানে কী হয় দেখা যাক, তার পরেই আদালত বিষয়টি নিয়ে বিবেচনা করবে।” এরপর ফের হাইকোর্টের কাছে একই আবেদন করা হয়। সেই সূত্রেই আগামী ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পরই ১৮ সেপ্টেম্বর বিনীত গোয়েলের পদত্যাগ মামলাটি উঠবে।







