খেলাধুলা

ইতিহাসে ইস্টবেঙ্গল: প্রথম ভারতীয় ক্লাব হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপে নামছে লাল-হলুদের মেয়েরা

ভারতীয় ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। প্রথমবার আয়োজিত সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে খেলার সুযোগ পেয়েছে তারা। সোমবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসি-র।

এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে নবম স্থান পাওয়ার পর, লাল-হলুদের মেয়েরা এই টুর্নামেন্টে খেলতে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী। এর আগে এই দলটিই প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের মূল পর্বে ইরানের বাম খাতুনকে হারিয়ে জয় পেয়েছিল।
ইস্টবেঙ্গলের এটি টুর্নামেন্টের প্রথম ম্যাচ হলেও, ট্রান্সপোর্ট ইউনাইটেডের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা পাকিস্তানের করাচি সিটি এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের জয়ের লক্ষ্য থাকবে। ভুটানের এই দলটি ২০২৪ মরশুমে তাদের মেয়েদের জাতীয় লিগে রানার্স হয়েছিল এবং তাদের দলে একাধিক জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন। ভুটান জাতীয় দলের অধিনায়ক সুনীতা রায়ও এই মরশুমে ট্রান্সপোর্ট ইউনাইটেড দলের সদস্য, যিনি জাতীয় দলের জার্সিতে প্রচুর গোল করেছেন। এই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।

সাফের মতো আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার অংশ নিতে পেরে ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ গর্বিত। তিনি বলেন “সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক মঞ্চে আমরা প্রথমবার অংশ নিতে পেরে সত্যিই সম্মানিত। আমাদের দল এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। আশা করছি, এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের শুরুটা দারুণ গর্বের মুহূর্ত এনে দেবে।” বর্তমানে দারুণ ছন্দে থাকা লাল-হলুদের মেয়েরা এই ঐতিহাসিক যাত্রা শুরু করার জন্য প্রস্তুত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.