রাজ্য

বর্ধমান স্টেশনে বড় অঘটন: পদপিষ্ট ১৫, রেলের অব্যবস্থার অভিযোগে ক্ষোভ যাত্রীদের

রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। ট্রেন ধরতে গিয়ে ওভারব্রিজে তীব্র ভিড়ে পদপিষ্ট হয়ে আহত হলেন অন্তত ১৫ জন যাত্রী। আহতদের মধ্যে রয়েছেন একাধিক মহিলা ও বয়স্ক ব্যক্তি। গুরুতর আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা ৫টা ১৫-২০ মিনিট নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে হলদিবাড়ি গামী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। একই সঙ্গে ৪ নম্বর লাইনে মেল ট্রেন এবং ৬ নম্বর লাইনে রামপুরহাটগামী ট্রেন এসে পৌঁছয়। তিনটি ট্রেনের একযোগে আগমন ও ঘোষণার কারণে যাত্রীদের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নির্দিষ্ট ট্রেন ধরতে ওভারব্রিজ দিয়ে নামার সময় ধাক্কাধাক্কিতে পড়ে যান বহু যাত্রী।

রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষের উদ্যোগে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে যাত্রীদের অভিযোগ, রেলের অব্যবস্থাই এই দুর্ঘটনার মূল কারণ। একাধিক যাত্রী অভিযোগ করেছেন, একই সময়ে তিনটি ট্রেনের ঘোষণা দেওয়া হয়েছিল, অথচ ভিড় নিয়ন্ত্রণে কোনও পূর্ব প্রস্তুতি নেয়নি রেল কর্তৃপক্ষ।

ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় তৃণমূল বিধায়ক জানান, “রেল কর্তৃপক্ষের অব্যবস্থা ও যাত্রী নিরাপত্তার ঘাটতির জন্যই এমন দুর্ঘটনা ঘটছে। বারবার সতর্ক করা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না।”

রেলের তরফে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার রেল কর্তৃপক্ষ বহন করবে। ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও কোনও প্রাণহানির খবর মেলেনি, তবু ছুটির দিনের সন্ধ্যায় এই অঘটন নতুন করে প্রশ্ন তুলেছে যাত্রী নিরাপত্তা ও রেলের প্রশাসনিক তৎপরতা নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.