জেলারাজনীতি

আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সামনের সারিতে কেষ্ট, বোলপুরে ফের দৃশ্যমান অনুব্রতর দাপট

জেলার রাজনীতিতে ফের জোরালোভাবে ফিরে এলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। দীর্ঘদিন অন্তরালে থাকার পর ফের নিজের ‘ঘর’ বোলপুরে সরব উপস্থিতি। তার পরেই ফের জেলা রাজনীতিতে তাঁর গুরুত্ব চোখে পড়ছে। শনিবার মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে সরকারি মঞ্চে দেখা গেল তাঁকে।

বর্তমানে অনুব্রত রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এ দিন বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের টাউন লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কর্মসূচির শিবির। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, মহকুমাশাসক, পুরসভার চেয়ারম্যান সহ একাধিক প্রশাসনিক কর্তা।

শিবিরে স্থানীয় নাগরিকদের অভিযোগ ও অভাব-অভিযোগ শোনেন অনুব্রত ও অন্য আধিকারিকরা। নিকাশি ব্যবস্থা, রাস্তার আলো, জল সরবরাহ, বাজার উন্নয়ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে সৌন্দর্যায়নের মতো একাধিক সমস্যার কথা তুলে ধরেন বাসিন্দারা। সেগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ”এই প্রকল্প অত্যন্ত কার্যকরী। সাধারণ মানুষের সমস্যা মেটাতেই এই উদ্যোগ। মুখ্যমন্ত্রীকে এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি নিজে নজরদারি রাখব যাতে কাজ হয়।”

তাঁকে ঘিরে জেলাজুড়ে আবার আলোচনার কেন্দ্রে কেষ্ট। এক সময় জেলা সভাপতির পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হলে রাজনীতিতে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। পরে বোলপুরের আইসিকে নিয়ে বিতর্ক ও দলীয় নির্দেশে ক্ষমা চাওয়ার ঘটনাও সামনে আসে। এমনকি ২১ জুলাইয়ের ধর্মতলা সভাতেও তাঁকে দেখা যায়নি। তবে তার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং কোর কমিটির আহ্বায়ক পদ পাওয়ার পর ফের অনুব্রতের সক্রিয়তা বেড়েছে। এবার সরকারি মঞ্চে তাঁকে সামনের সারিতে দেখে সেই বার্তাই আরও জোরালো হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.