রাজনীতি

ইন্দ্রনীল গ্রেফতার হতেই বিস্ফোরক রচনা! ‘চন্দননগরে ঢুকতেও নিতে হত অনুমতি’, কী দাবি সাংসদের?

ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর তাঁকে নিয়ে মুখ খুললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। একই রাজনৈতিক দলের বিধায়ক ও সাংসদ হওয়া সত্ত্বেও চন্দননগরে একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি বলে আক্ষেপ প্রকাশ করলেন তিনি। এমনকি চন্দননগরের কোনও অনুষ্ঠানে যোগ দিতে গেলেও তাঁকে সংশ্লিষ্ট বিধায়কের অনুমতি নিতে হত বলে দাবি করেছেন রচনা।

চুঁচুড়া পুলিশ লাইনে চন্দননগর পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হুগলির সাংসদ। সেখানেই নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ইন্দ্রনীল সেনের প্রসঙ্গ ওঠে। রচনা জানান, রাজনৈতিক জীবনে এই প্রথমবার তিনি এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভালো লাগার অভিজ্ঞতা পেলেন।

ইন্দ্রনীলের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাংসদের দাবি, নির্বাচনে প্রার্থী হওয়ার আগে ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে কোনও পরিচয় ছিল না। পরবর্তী সময়ে একই দলের জনপ্রতিনিধি হলেও চন্দননগর বিধানসভা এলাকায় কাজ করার ক্ষেত্রে বিশেষ স্বাধীনতা পাননি তিনি। রচনার কথায়, চন্দননগরে কোনও অনুষ্ঠানে যেতে হলে ইন্দ্রনীল সেনের অনুমতি নিতে হত। দলের কর্মীরাই তাঁকে এই বিষয়টি জানিয়েছিলেন।

তবে প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারি নিয়ে সরাসরি কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাননি রচনা। তিনি বলেন, এখন তিনি অন্য দলের সাংসদ। তাই আগের দলের বিধায়ককে নিয়ে বিশেষ কিছু বলতে চান না। তাঁর বক্তব্য, গ্রেফতারির বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

ইন্দ্রনীল সেনের গ্রেফতারিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যখন চর্চা তুঙ্গে, তখন রচনার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.