নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে সম্পূর্ণ নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দিল কমিশন। শনিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২১ মে ওই কেন্দ্রে ‘ফ্রেশ পোল’ হবে। ফলে আগামী ৪ মে রাজ্যজুড়ে ভোটগণনা হলেও ফলতা বিধানসভা কেন্দ্রের গণনা হবে না।
গুরুত্বপূর্ণ বিষয় হল, কমিশনের বিজ্ঞপ্তিতে ‘রিপোল’ নয়, স্পষ্টভাবে ‘ফ্রেশ পোল’ শব্দ ব্যবহার করা হয়েছে। সাধারণত কোনও প্রার্থীর মৃত্যু হলে পুরো কেন্দ্রে পুনর্নির্বাচন হয়। আবার বুথভিত্তিক অশান্তি বা অনিয়মের অভিযোগে নির্দিষ্ট বুথে রিপোলের নজির রয়েছে। কিন্তু অশান্তির অভিযোগে সম্পূর্ণ একটি বিধানসভা কেন্দ্রে ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত স্বাধীনতার পর এই প্রথম বলেই মনে করা হচ্ছে।
দ্বিতীয় দফার ভোটের দিন থেকেই ফলতা কেন্দ্রে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিল বিরোধীরা। শনিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় হাশিমনগর এবং সংলগ্ন এলাকায়। অভিযোগ, বিজেপি সমর্থক বলে পরিচিত একাধিক পরিবারের বাড়িতে হামলা চালানো হয়। তাঁদের গ্রাম ছাড়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। কয়েকজনকে মারধরের ঘটনাও সামনে আসে।
এই ঘটনায় তৃণমূল প্রার্থী Jahangir Khan-এর ঘনিষ্ঠ বলে পরিচিত দুই নেতা ইস্রাফুল চোকদার এবং সুজাদ্দিন শেখ-এর নাম উঠে আসে। স্থানীয়দের অভিযোগ, ইস্রাফুলের নেতৃত্বে বাইক বাহিনী এলাকায় সন্ত্রাস চালায়।
অভিযোগের প্রেক্ষিতে দ্রুত রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। তদন্তের পর কমিশন ইস্রাফুল চোকদার, সুজাদ্দিন শেখ এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। পাশাপাশি পুলিশ গড়িমসি করলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়।
কমিশনের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।
রাজ্যের রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ, ৪ মে-র গণনার আগে ফলতা কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় রাজ্যের নির্বাচনী সমীকরণেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।







