‘রাজ্য সরকার সব দাবিপূরণ করেছে। এবার কাজে ফিরুন’, আন্দোলনের ৪০তম দিনে জুনিয়র ডাক্তারদের বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
অভিষেক জানিয়েছেন, প্রথমদিন থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পূর্ণ সমর্থন করেছেন তিনি। তাঁদের সমস্ত দাবি যুক্তিপূর্ণ বলেও মনে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার সাধারণ মানুষের কথা ভেবে কাজে যোগ দিন ডাক্তাররা।
নিজস্ব পোস্টে অভিষেক লেখেন, ‘পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে যাবতীয় উন্নতির জন্য ব্যবস্থা চলছে। সুপ্রিম কোর্টের সামনে রাজ্য সরকার বলেছে, যে তারা আশা করছে ১৪ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে। উপরন্তু, আন্দোলনকারীদের দাবি মেনে সরকার স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের বদলি করেছে।’
উল্লেখ্য, নিজেদের একাধিক দাবিদাওয়া সামনে রেখে ফের নতুন করে রাজ্যের সঙ্গে হিসেব বুঝতে নেমে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার মধ্যরাতের সাংবাদিক বৈঠক থেকে মেডিকেল কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন, রোগী ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা-সহ একাধিক দাবি দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন তাঁরা। এই মর্মে মুখ্যসচিবকে ই-মেইল’ও করেছেন জুনিয়র চিকিৎসকরা।







