আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসক খুনের ঘটনার পর থেকে ৪০ দিন ধরে চলা আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের খলিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালের সঙ্গে তুলনা করায় বিতর্কের ঝড় উঠেছে। গতকাল এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে, দমদমের সাংসদ বলেন, আন্দোলনকারীরা নিজেদের বিপ্লবী ভাবছেন, অথচ তাঁদের কাজের কোনও বাস্তবসম্মত ভিত্তি নেই।
সৌগত রায়ের মতে, আন্দোলনকারীরা নাবালক এবং অপ্রয়োজনীয় জেদ ধরে মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কাজ শুরু না করায় ক্ষুব্ধ সৌগত বলেন, “এটা চিকিৎসকদের জয় বলে মনে করি না। সারা রাত মোমবাতি নিয়ে বসে থাকলে সরকার বদলানো যায় না।”
এছাড়াও, স্বাস্থ্য আধিকারিকদের বদলি নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “ট্রান্সফার হয়েছে তো কী হয়েছে, অফিসাররা অন্য কোথাও কাজ করবে।”
আন্দোলনের প্রতি আরও তীব্র সমালোচনা করে তৃণমূল সাংসদ বলেন, “জুনিয়র ডাক্তাররা বাস্তবের মুখোমুখি হোক। ডাফরি বাজিয়ে ডিস্কো নাচের দিন শেষ হয়ে এসেছে। এরপর উচ্চশিক্ষার জন্য অপেক্ষা করতে হবে কিংবা নিজের পাড়ায় চেম্বার খুলতে হবে।”
সৌগত রায়ের এই মন্তব্য ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। বর্ষীয়ান সাংসদের এমন মন্তব্যে শাসক দলের অস্বস্তি আরও বাড়িয়েছে।







