আইপিএলে প্রথমবার অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়া, তারপর পরের বছর রানার্স—গুজরাট টাইটান্সের গল্পটা যেন বারবার প্রত্যাবর্তনের। ২০২৪ ছিল হতাশার, কিন্তু ২০২৫-এ সেই পুরনো চেনা ছন্দেই ফিরছে শুভমান গিলের দল। ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন থাকলেও, বাস্তবে সেই প্রশ্নের জবাব দিচ্ছে গিল, সাই সুদর্শন ও জস বাটলার। আর বল হাতে দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ। তবে সামনে এখন এক কঠিন প্রতিপক্ষ—দিল্লি ক্যাপিটালস।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দিল্লি তাদের ব্যাট-বলের ভারসাম্য দিয়ে প্রমাণ করেছে তারা এ বছর সেরা দাবিদারদের একজন। অভিষেক পোরেল, ট্রিস্টান স্টাবস ও অক্ষর প্যাটেলদের মতো তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে তৈরি এই দল এখন পর্যন্ত পাঁচ জয়ের মধ্যে রয়েছে। পোরেল ও স্টাবস, দুজনেই ডেথ ওভারে বিধ্বংসী এবং দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন।
তবে গুজরাটের বড় চ্যালেঞ্জ রশিদ খানের ফর্ম। বছরের পর বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা পারফর্মার হলেও, চলতি মরশুমে ২২ ওভারে মাত্র চার উইকেট পেয়ে ও ৯.৭৭ ইকোনমিতে বেশ চাপে রয়েছেন। কোচ আশীষ কপূর মনে করেন, চোটের জন্য বোলিং অ্যাকশনে পরিবর্তনের কারণে এমনটা হয়েছে, তবে তিনি আবার ফিরবেন পুরনো ছন্দে।
উল্লেখযোগ্য অনুপস্থিতি কাগিসো রাবাডা। পারিবারিক সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন তিনি। তার ফেরা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, শেরফেন রাদারফোর্ডের দুর্দান্ত ব্যাটিং ফর্মে কিছুটা স্বস্তিতে টাইটান্স শিবির।
আজ শনিবার আহমেদাবাদে দিন ম্যাচে তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মাঠের ধরণ নির্ভর করবে লাল না কালো মাটির পিচ বেছে নেওয়ার উপর। তবে যেই পিচই হোক, ম্যাচটা হতে চলেছে শীর্ষস্থান ধরে রাখার লড়াই।







