রেজিস্ট্রেশন বাতিল হয়েও আবার স্বমহিমায় ফিরে এলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ! রাজ্য মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে , সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনের স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে বিতর্ক । চলতি মাসেরই ১৯ তারিখ , রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল সন্দীপ ঘোষের । রাজ্য মেডিক্যাল কাউন্সিল , তার ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করেছিল । কিন্তু বর্তমানের মেডিক্যাল কাউন্সিলের স্ট্যাটাস রিপোর্টে ফুটে উঠছে অন্য ছবি ।
প্রসঙ্গত , আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রথমে আর জি করের দুর্নীতির ঘটনায় সিবিআই এর হাতে গ্রেফতার হন । তারপরে আর জি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগেও গ্রেফতার হন তিনি । ধৃত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পর থেকে , তার নামের পাশে লেখা ছিল সাসপেন্ডেড । কিন্তু মঙ্গলবার সন্ধে থেকেই নাকি সন্দীপের নামের পাশ থেকে উধাও হয়ে যায় সাসপেন্ডেড লেখা। এই বিস্ফোরক দাবী করেছে , ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম । তার নামের পাশে নাকি এখন সাসপেন্ডেডের বদলে লেখা রেজিস্টার্ড । যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক । এবার প্রশ্ন আদেও কি তাহলে বাতিল হয়েছে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন ?
মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী জানিয়েছেন , স্ট্যাটাস রিমুভড থাকা উচিত ছিল , রেজিস্টার্ড থাকার কথা নয় , কোথাও একটা ভুল হয়েছে । চিকিৎসক নেতা কৌশিক লাহিড়ী বলেছেন , “সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। সমস্ত সংবাদ মাধ্যমে তা জানানো হয়। তবে সাত দিন পর আমরা কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে দেখি ক্যান্সেল্ড। এক সপ্তাহ পর দেখা গেল আবার তিনি স্বমহিমায় ফিরে এসেছেন। অর্থাৎ যে লোকটি সিবিআই হেফাজতে তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন। কেন ফিরে এসেছেন জানি না।” সব মিলিয়ে , সন্দীপ ঘোষের নামের পাশে , সাসপেন্ডেডের বদলে ,রেজিস্টার্ড দেখানো নিয়ে বর্তমানে তুঙ্গে রাজ্য রাজনীতি ।







