মহালয়ার দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক’দিন পূর্বেই উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে তর্ক-বিতর্কের রোল ওঠে। এবার দলীয় মুখপত্রের ‘উৎসব সংখ্যা’র উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত তাঁর ব্যাখ্যা দিলেন মমতা।
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেকে বলেন কেন পুজো করব! কেন উৎসব করব! আরে আমাদের তো বারো মাসে তেরো পার্বণ। কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্মকর্মও মানি। আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে, প্রাণ আছে।’
বুধবার মহালয়ায় কলকাতা-সহ জেলার বিভিন্ন পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুজো-উৎসবের প্রসঙ্গ তোলেন তিনি। অন্যদিকে, সেইদিনই শহরে আরজিকরকাণ্ডে বিচারের দাবিতে মহামিছিল চলে। ফের পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা।







