আরজিকরকাণ্ডের প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকরা। ডোরিনা ক্রসিং-এ ধর্নায় বসেছেন তাঁরা। সেই ধর্না কর্মসূচিতে এবার ‘না’ কলকাতা পুলিশের। উৎসবের কথা মাথায় রেখে ই-মেল করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়াও, শুক্রবারের চিকিৎসক হেনস্তার ঘটনায় নিঃশর্ত ক্ষমাও চেয়ে নিয়েছে পুলিশ।
লালবাজার থেকে ডাক্তারদের কাছে যে মেইলে লেখা হয়েছে, ‘শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে ধর্মতলায় ধর্না এবং অনির্দিষ্টকালের জন্য অনশনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। ট্র্যাফিকের দিকটি মাথায় রেখে সেই আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না। এই কর্মসূচির জন্য সাধারণ মানুষের সমস্যা হতে পারে। রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হতে পারে। পুজোর মুখে ধর্মতলা এলাকায় প্রচুর মানুষ কেনাকাটা করতে যাচ্ছেন। পুজোর প্রস্তুতি পর্বে এখন প্রতি দিনই সেখানে খুব ভিড় হচ্ছে। এ ছাড়া, বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে। তাই পুজোর আগে এই কর্মসূচিতে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে।’
উল্লেখ্য, শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তারেরা। ধর্মতলা থেকে জানানো হয়, কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে। শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কাজও শুরু করেছেন। কিন্তু ধর্মতলায় রাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। তাঁরা প্রতীকী ঘড়ি হাতে নিয়ে সরকারকে ২৪ ঘণ্টাএ সময়সীমা বেঁধে দেন। ওই সময় পর্যন্ত ধর্না চলবে ধর্মতলায়। তাঁদের দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন ডাক্তাররা।







