মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ থেকে অসন্তোষের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সেই আশঙ্কা থেকেই রানী রাসমণি রোড এবং আশপাশের রাস্তায় জমায়েত রুখতে ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এবার সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
উল্লেখ্য, পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ডক্তারদের মানববন্ধন কর্মসূচি থেকে অশান্তি ছড়াতে পারে। এছাড়াও পুজো কার্নিভালে সমস্যাও হতে পারে। যদিও গতকাল আন্দোলনরত ডাক্তার দেবাশিস হালদার দাবি করেছিলেন, পুজো কার্নিভাল ব্যাহত করার কোনও ইচ্ছে তাঁদের নেই। তারপরও পুলিশ ডাক্তারদের কর্মসূচিতে বাধা প্রদান করছে।
বিশেষভাবে উল্লেখ্য, জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স-এর আবেদনে আজই বসছে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি রবিকিশন কপুরের বেঞ্চে দুপুর ২টো নাগাদ মামলার শুনানির সম্ভাবনা।
এদিন শহরে বর্তমান জোড়া কার্নিভাল। একাধারে রেড রোডে পুজোর কার্নিভাল। অন্যদিকে, আরজিকরকাণ্ডের প্রতিবাদে ‘দ্রোহের কার্নিভাল’। সেটিও রেড রোডের কাছে রানী রাসমণি রোডে আয়োজনের ডাক দেওয়া হয়েছে। প্রায় একই সময়ে শুরু হওয়ার কথা দু’টিই।







