জম্মু ও কাশ্মীরে নতুন করে চাঞ্চল্য। বৃহস্পতিবার বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) জানিয়েছে, জম্মু থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে আরএসপুরা সেক্টরে ধরা পড়েছে একটি পায়রা। আর সেই পায়রার পায়েই বাঁধা ছিল একটি চিরকুট!
সূত্রের খবর, চিরকুটে উর্দু ও ইংরেজি—দুটি ভাষাতেই লেখা রয়েছে বার্তা। উর্দুতে লেখা— “কাশ্মীর আমাদের। সময় এসেছে, এটা আমাদের হবে।” আর ইংরেজিতে সরাসরি হুমকি—জম্মু তাওয়াই রেল স্টেশন উড়িয়ে দেওয়া হবে আইইডি বিস্ফোরণে।
চিরকুট মেলার সঙ্গে সঙ্গেই তত্পর হয়ে ওঠে প্রশাসন। জম্মু তাওয়াই স্টেশন ও কাশ্মীরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বিএসএফ ও গোয়েন্দারা খতিয়ে দেখছেন, সীমান্তের ওপার থেকে কেউ ঠাট্টা করেই এমন বার্তা পাঠিয়েছে কি না, নাকি এর পেছনে রয়েছে কোনও বড় ষড়যন্ত্র।
হুমকি-বার্তা ঘিরে আপাতত তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরে।







