জেলা

সেরা শিরোপায় হ্যাটট্রিক, ‘কায়াকল্প’-এ রাজ্যের সেরা Balurghat District Hospital

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: টানা তৃতীয়বারের মতো রাজ্যের সেরা হাসপাতালের স্বীকৃতি পেল বালুরঘাট জেলা হাসপাতাল। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পরিচালিত ‘কায়াকল্প’ প্রকল্পে অংশ নেওয়া রাজ্যের ৩০৯টি জেলা, মহকুমা ও গ্রামীণ হাসপাতালের মধ্যে প্রথম স্থান দখল করেছে এই হাসপাতাল। চিকিৎসা পরিষেবার মান, পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব উদ্যোগ-সহ একাধিক সূচকে সর্বোচ্চ ৯৬ শতাংশ নম্বর পেয়ে শীর্ষে উঠে এসেছে বালুরঘাট।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মূল কায়াকল্প মূল্যায়নের পাশাপাশি ইকো-ফ্রেন্ডলি বিভাগে ৯১ শতাংশ এবং ওয়াশ (WASH) বিভাগে উল্লেখযোগ্য ৯৮.৯১ শতাংশ নম্বর অর্জন করেছে হাসপাতালটি। সংক্রমণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি রক্ষায় ধারাবাহিক সাফল্যই এই ফলাফলের মূল চাবিকাঠি বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। প্রথম স্থান অর্জনের জন্য হাসপাতালকে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের প্রাপ্য অর্থ এখনও মেলেনি। আগের ও চলতি বছরের পুরস্কারের অর্থ একত্রে হাতে এলে একাধিক উন্নয়নমূলক কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। পুরনো ভবনের ফিমেল মেডিসিন বিভাগ এবং বহির্বিভাগে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

প্রায় এক মাস আগে রাজ্য ও কেন্দ্রীয় কায়াকল্প দলের প্রতিনিধিরা হাসপাতাল পরিদর্শনে আসেন। প্রতিটি ওয়ার্ড, পরিষেবা ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখার পর নম্বর প্রদান করা হয়। মূল্যায়নের ক্ষেত্রে মোট আটটি সূচক বিবেচনা করা হয়— রক্ষণাবেক্ষণ, স্যানিটেশন ও হাইজিন, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, সহায়ক পরিষেবা, স্বাস্থ্যবিধি প্রচার, হাসপাতাল চত্বরে ও সীমানার বাইরের পরিচ্ছন্নতা এবং পরিবেশবান্ধব ব্যবস্থা।

সব সূচকেই সর্বোচ্চ নম্বর পেয়ে রাজ্যের শীর্ষস্থানে উঠে এসেছে বালুরঘাট জেলা হাসপাতাল। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এই সাফল্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ তৈরি হয়েছে। জেলার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এই স্বীকৃতি এক নতুন মাইলফলক বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.