পুলিশের অমানবিক অত্যাচারে মৃত্যু হল এক যুবকের। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে আগরতলার মনুবাজার এলাকা। থানা ঘেরাও করে চলছে পথ অবরোধ।
জানা গেছে বিগত রবিবার রাবার চুরির অভিযোগে মনুবাজার থানাধীন কালাঢেফা এলাকার দুই যুবককে গ্রেফতার করে মনুবাজার থানার পুলিশ। তারপরের দিনেই তাদেরকে পরিবারের কাছে তুলে দেয়। অভিযোগ পুলিশ তাদের ওপরে নির্মম অত্যাচার করে যার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারা।
তাদের একজন বাদল ত্রিপুরাকে প্রাথমিকভাবে মনুবাজার হাসপাতালে ভর্তি করা হলেও গুরুতর আঘাতের জন্য তাকে শান্তিরবাজার ও পরে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসা চলাকালীন অবস্থায় বুধবার রাত তিনটা নাগাদ জিবি হাসপাতালে মৃত্যু হয় যুবকের।তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে মনুবাজার এলাকা। শুরু হয় স্থানীয়দের পথ অবরোধ। অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে আসেন এমডিসি দেবজ্যিৎ ত্রিপুরা ও বিধায়ক মাইলাফ্রু মগ।
অন্যদিকে পুলিশ কর্তৃপক্ষের তরফে দাবী করা হয়েছে দোষীদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো ঘটনা খতিয়ে দেখে ঘটনার সাথে জড়িত সাব ইন্সপেক্টর প্রেমজিৎ রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন জেলা পুলিশ সুপার ও মহকুমা পুলিশ সুপার। বাকি তিন এসপিও -কেও ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মনু বাজার এলাকার বিধায়ক মৃত ব্যাক্তির পরিবারের কাউকে কাজ দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সাথে তার ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন। তবুও পুলিশের এই ধরনের ভূমিকা কোনভাবেই গ্রহণ করতে পারছে না মনু বাজারের মানুষ। অভিযুক্ত সাব-ইন্সপেক্টর এবং ৩ এস পি ও -কে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা।







