এখন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন যারা বিভিন্ন ধর্মে বিশ্বাস করেন, কিন্তু একজন আছেন যার পরিবারে ধর্মীয় বৈচিত্র্য আরও চমকপ্রদ। তার মা শিখ, বাবা খ্রিস্টান, ভাই মুসলিম এবং স্ত্রী হিন্দু। এই অনন্য পারিবারিক কাঠামোর মধ্যে বড় হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিক্রান্ত ম্যাসি তার পরিবারের ধর্মীয় বৈচিত্র্যের কথা শেয়ার করে তিনি জানান, তার মা শিখ এবং বাবা খ্রিস্টান। তার ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যার ফলে তার নাম মোইন রাখা হয়েছে। বিক্রান্ত বলেন, তার পরিবার এই ধর্মান্তরকে ভালোভাবেই গ্রহণ করেছে। তার বাবা সপ্তাহে দুইবার চার্চে যান এবং তার স্ত্রী হিন্দু রীতিনীতি মেনে চলেন। বিক্রান্ত আরও বলেন, ছোটবেলা থেকেই তিনি পরিবারে ধর্ম ও আধ্যাত্মিকতার নানা আলোচনা শুনেছেন।
বিক্রান্ত জানান, তার পরিবারে ধর্মের ভিত্তিতে কোনো বাধা নেই। তার বাবা সবসময় শিখিয়েছেন যে যার যার ধর্ম অনুযায়ী চললে জীবনে শান্তি আসে। বিক্রান্ত নিজেও তার স্ত্রী শীতল ঠাকুরের হিন্দু রীতিনীতি মেনে চলেন এবং তার ইচ্ছাকে সম্মান করেন। তাদের একটি সন্তানও রয়েছে। বিক্রান্ত বলেন, ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও তার বাড়ি সব ধর্মের জন্য একটি সুন্দর স্থান, যেখানে সবাই সম্মিলিতভাবে ধর্মীয় উৎসব উদযাপন করেন।







