আসন্ন সোমবার মেঘালয়ে বিধানসভা ভোট। এবার তারই পূর্বে আজ অর্থাৎ মঙ্গলবার মেঘালয়ে মেগা প্রচারে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ের তুরার অন্তর্ভুক্ত রাজাবালা এলাকায় আজ জনসভা করবেন তৃণমূল নেতৃত্বরা।
উল্লেখ্য, ইতিমধ্যেই লাগাতার প্রচার সেরে গিয়েছেন অভিষেক। মেঘালয়ের নির্বাচন জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। এহেন পরিস্থিতিতে মেঘালয়ের শেষ মুহূর্তের প্রচারের উত্তেজনা তুঙ্গে। মনে করা হচ্ছে, এদিনের সভা থেকে সামাজিক প্রকল্পের প্রসার, প্রত্যেকের ঘরে ঘরে খাদ্য নিয়ে যাওয়া, কৃষিকাজের জন্য কৃষকদের আর্থিক সাহায্য, কৃষিজাত পণ্য যথাযথ ভাবে বিক্রির ব্যবস্থার ওপর জোর দিতে পারে তৃণমূল।
মেঘালয়ে ভিশন ডকুমেন্টস প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। যার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা একটা বই নয়। যেখানে ১০ টি পয়েন্ট শুধু লিখে রাখা আছে। এটা আমাদের অঙ্গীকার। আর আমরা এটা করেই দেখাব। আমাদের মিশন মেঘালয়ে রাজ্যের মানুষের জন্যই কাজ করার কথা উল্লেখ আছে। সাধারণ মানুষের কথা শুনেই কাজ করা হবে। সাধারণ মানুষের স্বার্থ বিরোধী হবে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তৃণমূল স্তরের মানুষের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’







